শনিবার ১৮ই জুলাই, ২০২৬

পিএসজির দাপুটে দিনে বায়ার্নের ১০ গোলের তাণ্ডব

বল দখল, আক্রমণ কিংবা গোলে শট—কোনো বিভাগে লড়তে পারেনি অ্যাতলেটিকো মাদ্রিদ। পিএসজি ছড়ি ঘুরিয়েছে, পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়নদের জয়টাও এসেছে বড়। ৪-০ ব্যবধানে ক্লাব বিশ্বকাপ শুরু করে উচ্ছ্বসিত ফরাসি জায়ান্টরা। ভিন্ন ম্যাচে অকল্যান্ড সিটির বিপক্ষে তাণ্ডব চালিয়েছে বায়ার্ন মিউনিখ।

ক্লাব বিশ্বকাপের বি গ্রুপের হাইভোল্টেজ ম্যাচটি একপাক্ষিক হয়েছে। পুরো ম্যাচে ৭৪ শতাংশ বল ছিল পিএসজির কাছে। তার পাশাপাশি ১৬টি শটও নিয়েছে তারা। হাজারখানেক সফল পাস আর ৯৪ শতাংশ পাসিং অ্যাকুরেসির সামনে গোল ব্যবধানেও দাড়াতে পারেনি স্প্যানিশ ক্লাবটি। প্রথমার্ধে দুই গোল খাওয়ার পর অ্যাতলেটিকো হারে ৪ গোলে।

ক্যালিফোর্নিয়ার রোজে বোল স্টেডিয়ামে শুরু থেকেই দাপট দেখায় পিএসজি। ১৯ মিনিটে শুরু করেন ফ্যাবিয়ান রুইজ। প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি করেন ভিতিনহা। ২ গোলে পিছিয়ে থাকা অ্যাতলেটিকো পরের ধাক্কাটা খায় ম্যাচের ৭৮ মিনিটে। লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন অ্যাতলেটিকোর লংলেট। পরে দশ জনের দলের বিপক্ষে আক্রমণের পসরা বাড়ায় পিএসজি।  ৮৭ মিনিটে মায়ুলু এবং চতুর্থ গোলটি আসে বাড়ানো সময়ের সপ্তম মিনিটে। পিএসজির চতুর্থ গোলটি পেনাল্টি থেকে করেন কাং-ইন লি।

দাপুটে শুরুতে আপাতত টেবিলের শীর্ষে আছে পিএসজি। দারুণ জয়ে ফরাসি দলটি বেশ উচ্ছ্বসিত, ‘আমাদের ভ্রমণের একটি নিখুঁত শুরু! প্রতিযোগিতায় সফল প্রবেশ।’ এই গ্রুপের আরও দুই দল হচ্ছে ব্রাজিলের বোতাফোগো এবং যুক্তরাষ্ট্রের সিয়াটেল। বর্তমানে ৩ পয়েন্ট পিএসজির, বোতাফোগেরও সমান ৩ পয়েন্ট। বাকি দুটি দলই দেখেছে হার। বোতাফোগোর কাছে ২-১ গোলে আজ হেরেছে সিয়াটল।

একই দিনে নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটিকে ১০-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। মাত্র ১৭ মিনিটে হ্যাটট্রিক করেছেন জার্মান তারকা জামাল মুসিয়ালা। একই দিনে আরেক ম্যাচে পালমেইলাসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে পর্তুগালের ক্লাব পোর্তো।

Translate