রবিবার ১৯শে জুলাই, ২০২৬

রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় ইউক্রেনে নিহত ৩, আহত ৪৯

রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনজুড়ে একের পর এক বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার ভোররাতে কিয়েভে চালানো এই হামলায় তিনজন উদ্ধারকর্মী নিহত হয়েছেন এবং সারাদেশে অন্তত ৪৯ জন আহত হয়েছেন। কিয়েভের একাধিক স্থানে বহুতল ভবন ও বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়া হামলায় ৪০৭টি ড্রোন এবং ৪৫টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা এ পর্যন্ত সবচেয়ে বড় ড্রোন আক্রমণ হিসেবে বিবেচিত হচ্ছে। বিস্ফোরণের আওয়াজ শহরের অনেক দূরে পর্যন্ত শোনা গেছে, ফলে অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য মেট্রো স্টেশন ও পার্কিং এলাকায় চলে যান। হামলার কারণে মেট্রো চলাচল ও রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়েছে।

পশ্চিমাঞ্চলীয় টারনোপিল ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় লুতস্কেও শিল্প স্থাপনা, সরকারি ভবন ও আবাসিক এলাকায় হামলা হয়েছে, যেখানে বেশ কয়েকজন আহত হয়েছেন। ইউক্রেনের পাল্টা অভিযানে রাশিয়ার কয়েকটি বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে এবং জ্বালানির গুদাম ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের রাশিয়ার ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করেছেন, যদি কেউ এই পরিস্থিতিতে অবহেলা করে তবে তা যুদ্ধের সহায়তা হিসেবে গণ্য হবে।

Translate