বিশ্বকাপের চাপ তাকে ভাবাচ্ছে না একটুও। মাত্র ১৭ বছর বয়সেই অভিজ্ঞ খেলোয়াড়ের মতো কথা বলছেন মেক্সিকোর উজ্জ্বল তরুণ তারকা গিলবার্তো মোরা।
স্পোর্টস হার্নিয়ার চোট কাটিয়ে মাঠে ফিরেছেন তিনি। শনিবার গুয়াদালাহারায় চিভাসের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর মেক্সিকান সংবাদমাধ্যম রেকর্দকে তিনি বলেছেন, ‘আমি বলব আমরাই বিশ্বকাপ জেতার জন্য ফেভারিট। আমরা নিজেদের মাঠে খেলব। আমি মনে করি আমরা মানসিকভাবে ফেভারিট।’
মোরার দাবির পেছনে কিছু প্রমাণও আছে। গত গ্রীষ্মে তিনি গোল্ড কাপ ট্রফি হাতে তুলেছিলেন। সেই টুর্নামেন্টে শিরোপা জেতার সময় তিনি ছিলেন সবচেয়ে কম বয়সী খেলোয়াড়। এরপর মেক্সিকো কোচ হাভিয়ার আগুয়েরের দলে তিনি নিজেকে প্রমাণ করেছেন।
এই মৌসুমে লিগা এমএক্সের বেশিরভাগ সময় চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। তবে সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি বলেছেন, ‘আমি ১০০ শতাংশ ঠিক আছি। সুস্থ হতে একটু বেশি সময় লেগেছে। তবে ঈশ্বরের কৃপায় আমি ভালো আছি। শারীরিকভাবে ভালো অনুভব করছি এবং যা হোক না কেন তার জন্য প্রস্তুত।’
১৮ বছর হলে বিদেশে চলে যাওয়ার সম্ভাবনা আছে তার। তাই বিশ্বকাপটি হবে তার জন্য নিজেকে প্রমাণের সেরা মঞ্চ। তবে মোরা শুধু নিজের প্রমাণ দিতে নয়, দেশকে শিরোপা জেতাতে চান। তিনি বলেছেন, ‘ঈশ্বর চাইলে আমি বিশ্বকাপে থাকব। আমি নিজের উপর বিশ্বাস রাখি।’