চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পাচ্ছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। গত ৮ অক্টোবর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তি স্বাক্ষরিত হয়। টার্মিনাল আধুনিকায়ন ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে ১৫ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে ডিপি ওয়ার্ল্ড।
চুক্তি অনুযায়ী, বছরে ন্যূনতম ১২ লাখ ৩০ হাজার টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করতে হবে। তবে চুক্তির পূর্ণ শর্ত এখনো প্রকাশ করা হয়নি। টার্মিনালটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে, এতে কয়েক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন বন্দরসংশ্লিষ্টরা।
এদিকে, চুক্তি বাতিলের দাবিতে আন্দোলন করছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। সংগঠনটি জানিয়েছে, ১৮ অক্টোবরের মধ্যে আলোচনার উদ্যোগ না নেওয়া হলে ১৯ অক্টোবর থেকে আমরণ অনশন শুরু করা হবে। অন্যদিকে, ব্যবসায়ী নেতারা চুক্তির শর্ত ও এর সম্ভাব্য লাভ-ক্ষতি সম্পর্কে স্পষ্ট তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন।
চট্টগ্রাম বন্দরের চারটি প্রধান কনটেইনার টার্মিনালের মধ্যে এনসিটি সবচেয়ে বড়। গত অর্থবছরে টার্মিনালটিতে প্রায় ১৩ লাখ ৮৫ হাজার একক কনটেইনার ওঠানো-নামানো হয়েছে, যা বন্দরের মোট কনটেইনার পরিবহনের প্রায় ৪৪ শতাংশ। বর্তমানে এটি পরিচালনা করছে চিটাগং ড্রাইডক লিমিটেড।