যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের একটি লাইব্রেরি থেকে ধার নেওয়া একটি ম্যাগাজিন ১৩২ বছর পর ফেরত দেওয়া হয়েছে।
বিদেশি সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ৮৪ বছর বয়সি জন হ্যানসন সম্প্রতি কনকর্ড পাবলিক লাইব্রেরিতে গিয়ে ১৮৯৪ সালের সেপ্টেম্বর মাসের দ্য সেঞ্চুরি ইলাস্ট্রেটেড মান্থলি ম্যাগাজিনের সংখ্যাটি ফেরত দিয়েছেন।
লাইব্রেরি কর্তৃপক্ষ অতিরিক্ত সময়ের জন্য নেওয়া বই ও অন্যান্য সামগ্রীর জরিমানা মওকুফের ঘোষণা দেওয়ার পর ম্যাগাজিনটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন হ্যানসন।
৪৮ হাজার ২২০ দিন পর ম্যাগাজিনটি ফেরত দেওয়া হয়েছে। এত দিনের জরিমানা যদি দিতে হত তাহলে এর পরিমাণ দাড়ায় ৩৩ লাখ ৬০ হাজার রুপি বা ১২ হাজার ৫৫ মার্কিন ডলারের বেশি।
হ্যানসন জানিয়েছেন, ম্যাগাজিনটি কয়েক দশক ধরে তার বাড়িতে ছিল। তবে এটি কীভাবে তার বাড়িতে এসেছে, তা তিনি জানেন না।
জরিমানা নেওয়া বন্ধের ঘোষণা দেওয়ার পর দীর্ঘদিন ধরে ফেরত না দেওয়া বই ও অন্যান্য সামগ্রী লাইব্রেরিতে ফিরতে শুরু করবে বলে আশা করেছিল কর্তৃপক্ষ। তবে ১৮৯৪ সালে প্রকাশিত একটি ম্যাগাজিন ফিরে আসায় লাইব্রেরির কর্মীরাও বেশ অবাক হয়েছেন।
সূত্র: সামা টিভি।