সৌদি আরবের বিভিন্ন কারাগারে প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি বন্দী রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। দেশটিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত জানতে সৌদি সরকারের কাছে রায়ের অনুলিপি চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২৩ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জানান, ওই দুই বাংলাদেশির বিরুদ্ধে কী অভিযোগ ছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছে বাংলাদেশ। রায়ের অনুলিপি পাওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত জানা যাবে। সৌদি সরকার পাঠানো বন্দীদের তালিকায় ওই দুই বাংলাদেশির নাম রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। বিদেশে বাংলাদেশি নাগরিকদের সাজা মওকুফের সুযোগ থাকলে কূটনৈতিক চ্যানেলে আলোচনা করা হয় বলেও জানান তিনি।
এদিন সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ ঢাকায় পৌঁছায়। পরে মরদেহ ও সরকারি আর্থিক সহায়তা তাঁর স্ত্রী কহিনুর আক্তার কাকলীর কাছে হস্তান্তর করা হয়। ওই হামলায় আরেক বাংলাদেশি মো. নাসরুল্লাহ বদরপুরিও নিহত হন। প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতে গত ছয় মাসে নিহত ১১ বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে।