শুক্রবার ১২ই জুন, ২০২৬

সীমান্তে হত্যা ও পুশইন বন্ধের দাবিতে ১১ দলের কর্মসূচি ঘোষণা

সীমান্তে হত্যা ও পুশইন বন্ধের দাবিতে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। কর্মসূচির অংশ হিসেবে আগামী ১২ জুন সীমান্তবর্তী জেলাগুলোতে প্রতিবাদ সমাবেশ এবং ১৫ জুন ঢাকায় প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হবে।

এ ছাড়া বিভিন্ন জেলায় সেমিনার এবং রাজধানীতে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে।

বুধবার (১০ জুন) দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় পুশ-ইন ও হত্যাকাণ্ড বন্ধ না হওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা এবং সংস্কার কার্যক্রমে সরকারের অনীহার কারণে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন ও কার্যকর সাংবিধানিক সংস্কারের উদ্যোগ না নেওয়ায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। এসব দাবিতে জোটের আন্দোলন চলমান রয়েছে এবং বিভাগীয় পর্যায়ে সমাবেশের মাধ্যমে তা আরও জোরদার করা হবে।

সীমান্ত হত্যা ও অনুপ্রবেশের ঘটনাকে জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি উল্লেখ করে তিনি বলেন, “গত ১০০ দিনে বিএসএফের গুলিতে ১৯ বাংলাদেশি নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। সম্প্রতি ভারত সরকার তাদের নাগরিকদের সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আমরা ভারত সরকারের এ ভূমিকার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ করে তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে হত্যা, সহিংসতা, চাঁদাবাজি, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের ঘটনা বেড়েছে। একই সঙ্গে জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও বৃদ্ধি পেয়েছে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আবদুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মহাসচিব অধ্যাপক ইকবাল হোসেন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈম প্রমুখ।

Translate