সিইপিজেডে নিরাপত্তা কর্মীদের ওপর হামলা: মূল হোতাসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম বেপজা নিরাপত্তা কর্মীদের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় আসামি আসলাম শেখসহ সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে সিইপিজেড ও বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১৭ আগস্ট রাত সাড়ে ৯টায় সিইপিজেডের সহকারী নিরাপত্তা কর্মকর্তা আ.ব.ম নাজির হোসেনের নেতৃত্বে একটি টহল দল বিশেষ খবর পায়। তারা জানতে পারে ‘মেসার্স তারিক আজিম টেক্সটাইল লিমিটেডে’ চোর ঢুকেছে। খবর পেয়ে বেপজার নিরাপত্তা কর্মী ও আনসার সদস্যরা সেখানে অভিযান চালান। অভিযান চালিয়ে আসলাম শেখ (২৪) নামে এক চোরকে আটক করা হয়।

পরবর্তীতে আটক আসলাম শেখকে সরকারি পিকআপে তোলা হয়। তাকে সিইপিজেড পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করতে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে ‘বিডি অ্যাপারেল্স’-এর সামনে ৩০ থেকে ৪০ জনের একটি সংঘবদ্ধ দল গাড়ির পথ রোধ করে। চোর চক্রের সদস্যরা টহল গাড়িতে ভাঙচুর চালায়। তারা বেপজার নিরাপত্তা কর্মীদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে আসামি আসলাম শেখকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় বেপজার সহকারী পরিচালক (প্রশাসন ও এস্টেট) পাপ্পু দে বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে ইপিজেড থানায় একটি মামলা দায়ের করেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, গতকাল মধ্যরাতে ইপিজেড ও বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি আসলাম শেখসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Translate