চট্টগ্রাম বন্দরে এক জাহাজে সর্বোচ্চ রপ্তানি কনটেইনার তোলার রেকর্ড হয়েছে। গতকাল বুধবার মায়েরস্ক বিনটুলু জাহাজে ১ হাজার ৭৮৪ টিইইউএস রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজীকরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বন্দরের জেনারেল কার্গো বার্থ (জিসিবি) ১১ নম্বর জেটি থেকে এই জাহাজীকরণ হয়েছে। যা এ যাবৎকালের মধ্যে একটি জাহাজে সর্বোচ্চ রপ্তানি কনটেইনার জাহাজীকরণের রেকর্ড।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফারেত হামিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাজটিতে ১৪৭ টিইইউএস খালি কনটেইনারও তোলা হয়েছে। সব মিলিয়ে জাহাজটিতে মোট ১ হাজার ৯৩১ টিইইউএস কনটেইনার চট্টগ্রাম বন্দর থেকে জাহাজীকরণ হয়েছে। এর আগে চলতি বছরের ১৮ জুন রপ্তানি পণ্যবাহী লোড কনটেইনার জাহাজীকরণের রেকর্ড ছিল ১ হাজার ৪৩৯ টিইইউএস।