বুধবার ২২শে জুলাই, ২০২৬

সন্দ্বীপে ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রকে ছুরিকাঘাতের অভিযোগ

ট্টগ্রামের সন্দ্বীপের মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ে এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয় ও এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

সোমবার (২০ জুলাই) স্কুল চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, কথিত কিশোর গ্যাং ‘আব্দুল্লাহ গ্রুপ’-এর সদস্য আব্দুল্লাহসহ কয়েকজন বিদ্যালয় প্রাঙ্গণে এক ছাত্রীকে উত্ত্যক্ত করছিল। এ সময় দশম শ্রেণির শিক্ষার্থী সাহেদ এর প্রতিবাদ করলে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহপাঠীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

 

ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে সন্দ্বীপ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ, সামির, শান্ত, তন্ময়, ইফতেখার, আরমান, মেহেদী, রায়হান এবং অভি।

এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আক্তারুজ্জামান সুজন বলেন, ‘ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিষয়টি নিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, ‘অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় সচেতন অভিভাবক ও এলাকাবাসী শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Translate