কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশের সময় মিয়ানমারের এক সেনাসদস্য ও দুই পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। নাফনদী পেরিয়ে অনুপ্রবেশকালে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, হেউন ডে টে (৩৮), কিয়াও নাইং (৩৫) ও থেইন জও (৩৩)। তাদের মধ্যে হেউন ডে টে মিয়ানমার সেনাবাহিনীর সদস্য এবং অপর দুজন পুলিশ সদস্য| তাদের বাড়ি মিয়ানমারের ইয়াঙ্গুন ও মংডু এলাকায়।
বিজিবি সূত্র জানায়, সোমবার দুপুর ১২টার দিকে নাফ নদী সাঁতরে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার বরফকলসংলগ্ন স্থানে পৌঁছান ওই তিন ব্যক্তি। এ সময় টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধীন টেকনাফ বিওপির সদস্যরা তাদের আটক করেন। পরে যাচাই-বাছাই করে তাদের পরিচয় নিশ্চিত করা হয়। আটক তিনজনের একজন বিজিপি সদস্য এবং অপর দুজন মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্য।
তারা হলেন- মংডু শহর পুলিশ স্টেশনের সেকেন্ড লেফটেন্যান্ট হেইন ডে হেট, পুলিশ সদস্য হেইন জাও এবং বুচিডংয়ের ৩ নম্বর বিজিপি ইউনিটের সদস্য কিয়াও নাইং। তারা দীর্ঘদিন ধরে রাখাইন রাজ্যে আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রিত এলাকায় বন্দী ছিলেন।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, গত ১৯ জুলাই রাত সাড়ে ১০টার দিকে রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের কাউয়ার বিল এলাকায় আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা ১ নম্বর বিজিপি ব্যাটালিয়নের সদর দপ্তরসংলগ্ন আবাসিক ভবন থেকে তারা কৌশলে বেরিয়ে আসেন। পরে প্রায় ছয় কিলোমিটার পথ হেঁটে নাফ নদীর তীরে পৌঁছান। সোমবার সকাল ১১টার দিকে তারা জারিকেনের সহায়তায় প্রায় দুই ঘণ্টা সাঁতরে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। দুপুরে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। আটকের পর তাদের টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের কার্যালয়ে নেওয়া হয়। পরে দোভাষীর সহায়তায় জিজ্ঞাসাবাদ করে পরিচয় শনাক্ত করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন মিয়ানমার নাগরিককে রাতে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে। তাদের গ্রেপ্তার দেখিয়ে ২১ জুলাই মঙ্গলবার সকালে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।