সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য শেরে বাংলা স্মৃতি পদকে ভূষিত হয়েছেন নোয়াখালী জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও ছয়ানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী।
মঙ্গলবার বিকালে রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে আয়োজিত গুণীজন সম্মাননা অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করে ‘শেরে বাংলা একে ফজলুল হক স্মৃতি সংসদ’।
এ সময় তার হাতে ‘শেরে বাংলা স্মৃতি পদক’ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মীর হাসমত আলী।
সততা ও সুস্থ ধারার রাজনীতির জন্য নোয়াখালীর তৃণমূলে বেশ জনপ্রিয়তা লাভ করেন ছয়ানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী। বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সময় নানা সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন বিএনপির এই নেতা। আর সেই কাজেরই স্বীকৃতি হিসেবে মিলেছে এ সম্মাননা।
পদক প্রাপ্তিতে কৃতজ্ঞতা প্রকাশ করে নিজাম উদ্দিন চৌধুরী বলেন— ‘দীর্ঘদিন সততার সঙ্গে সাংগঠনিকভাবে বিএনপির রাজনীতি করেছি। সুস্থ ধারার রাজনীতির পথে হেঁটেছি। সেই সঙ্গে চেয়েছি মানুষের কল্যাণের লক্ষ্যে সমাজ কল্যাণমূলক কাজ করার। এ পদক সেই প্রচেষ্টারই স্বীকৃতি। সুস্থ রাজনীতি ও মানবসেবার এই ধারা অব্যাহত রাখতে চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন—নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. জাকরিয়া, এনটিএল প্রিন্টিং প্রেসের স্বত্ত্বাধিকারী নজরুল ইসলাম খান প্রমুখ।