চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পোমরা মাইজপাড়ায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ হোসেন (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৩১ জুলাই) দুপুরের দিকে পোমরা মাইজপাড়ায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এই দুর্ঘটনার শিকার হন তিনি।
নিহত সাজ্জাদ ওই এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। পারিবারিক অভাব-অনটনের সঙ্গে সংগ্রাম করে মাত্র অল্প বয়স থেকেই সংসারের হাল ধরেছিলেন তিনি। কিন্তু অকালেই থামতে হলো ২৩ বছরের এই উদ্যমী তরুণকে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর সাজ্জাদকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মাত্র ৫ বছর বয়সে বাবাকে হারানো সাজ্জাদ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার এই আকস্মিক বিয়োগে পরিবারে নেমে এসেছে চরম শোক ও অনিশ্চয়তার অন্ধকার। ঘটনার পর পুরো এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে স্থানীয়রা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যুর খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে। ঘটনাটি দুর্ঘটনা বলেই প্রাথমিকভাবে জানা গেছে।