চট্টগ্রামের ফটিকছড়িতে জমিতে ধানের চারা রোপণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৩১জুলাই) সকালে উপজেলার লেলাং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শাহনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাসিন্দা রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি জীবিকার তাগিদে ফটিকছড়িতে কৃষি শ্রমিকের কাজ করতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মুস্তাকিমসহ তিন শ্রমিক লেলাং ইউনিয়নের সন্যাসীরহাট সংলগ্ন একটি কৃষি জমিতে ধানের চারা রোপণ করতে নামেন। আগে থেকেই বিদ্যুতের একটি তার ছিঁড়ে জমির পানিতে পড়ে ছিল, যা শ্রমিকরা খেয়াল করেননি। কাজ করার একপর্যায়ে মুস্তাকিম ওই বিদ্যুৎবাহী পানির সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার সঙ্গে থাকা অন্য শ্রমিকরা অল্পের জন্য রক্ষা পান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ শফিউল আজম বলেন, জমিতে বিদ্যুতের ছেঁড়া তার পড়ে ছিল। শ্রমিকরা তা না দেখে কাজ করতে নামলে এই দুর্ঘটনাটি ঘটে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।