রাঙ্গুনিয়ায় শ্বশুরবাড়িতে নারীর রহস্যজনক মৃত্যু
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্বশুরবাড়িতে সুমাইয়া সিদ্দিকা (২৪) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাতালশাহ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতের বাবা নজরুল ইসলাম ওরফে একুশ কোম্পানি জানান, প্রায় তিন বছর আগে কাতালশাহ পাড়ার আবুল কাশেম বাড়ির আবু বক্করের ছেলে ওমর ফারুকের সঙ্গে প্রেমের সম্পর্কের মাধ্যমে সুমাইয়ার বিয়ে হয়। তাঁর স্বামী সৌদি আরবে প্রবাসী। তাঁদের কোনো সন্তান নেই। পারিবারিকভাবে তাঁদের মধ্যে কোনো কলহ বা বিরোধ ছিল না। তবে শ্বশুরবাড়িতে এনজিও সংস্থা থেকে নেওয়া ঋণ নিয়ে ঝামেলা ছিল বলে জানান তিনি।
নজরুল ইসলাম বলেন, বুধবার দুপুর দেড়টার দিকে পাশের এক ব্যক্তির কাছ থেকে মেয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি শ্বশুরবাড়িতে যান। সেখানে গিয়ে মেয়েকে বিছানায় মৃত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবার দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়; তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।