মেহেদীবাগে দুই হোটেলকে ৩৭ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই হোটেলকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। তিনি জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি, বাসি রুটি ও পরোটা বিক্রির জন্য রাখা, ফ্রিজে মেয়াদহীন খাদ্যপণ্য সংরক্ষণ এবং খাবারে বিভিন্ন রাসায়নিক ব্যবহারের অপরাধে মেহেদীবাগ রোডের তামিম রেস্টুরেন্ট অ্যান্ড ঝাল বিতানকে ২৫ হাজার টাকা এবং ক্যাফে মদিনা অ্যান্ড বিরিয়ানি হাউজকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
চসিকের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।