শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬

রাউজানে বিদেশি পিস্তল ও গুলিসহ রইশ্যা ডাকাত গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ আব্দুর রশিদ প্রকাশ রইশ্যা ডাকাতকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তার আব্দুর রশিদ প্রকাশ রইশ্যা ডাকাতপালোয়ান পাড়ার মৃত বদরুজ মেহেরের ছেলে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার নোয়াপাড়া ইউপির পালোয়ানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, রাউজান উপজেলার ১৩ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পালোয়ানপাড়া গ্রামের একটি ধানক্ষেতে স্থানীয়রা রইশ্যা ডাকাতকে অস্ত্রসহ আটক করে রাখে। খবর পেয়ে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে র‌্যাব-৭ এর আভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

তিনি আর বলেন, তার বিরুদ্ধে রাউজান ও সাতকানিয়া থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

Translate