চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৩টায় পৌরসভার ঢালারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লাভলু পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আবুল কালামের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। পাশাপাশি তিনি বালু ও ইট সরবরাহের ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বাবলু তার নানা বাড়িতে দাওয়াতে গিয়েছিলেন। সেখান থেকে মামাতো ভাই পলিনকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে পূর্ব আলীখীল খামার টিলা এলাকায় একদল সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা প্রথমে তাকে বেদম মারধর করে এবং পরে গুলি করে গুরুতর আহত করে। পরবর্তীতে আত্মীয়স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে গহিরা জে.কে মেমোরিয়াল হাসপাতাল এ নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ স্থানান্তর করা হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের ফরেনসিক বিভাগে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।
নিহতের বাবা আবুল কালাম সওদাগর জানান, তার ছেলে প্রতিবাদী স্বভাবের ছিলেন এবং এলাকায় চাঁদাবাজি নিয়ে বিভিন্ন সময় সন্ত্রাসীদের সঙ্গে তার বিরোধ হতো। তবে ঠিক কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
স্থানীয় একটি সূত্র দাবি করেছে, বাবলু স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।