গত এক সপ্তাহে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে ২৮টি অবৈধ অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করা হয়েছে। সারাদেশে পরিচালিত এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলছে, গত ৯ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত পরিচালিত এই যৌথ অভিযানে দেশের বিভিন্ন এলাকা থেকে ২৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৪১৯ রাউন্ড গোলাবারুদ, ১৪টি ককটেল এবং দেশি-বিদেশি বিভিন্ন ধরণের মাদকদ্রব্য জব্দ করা হয়। এ সময় গ্রেফতার করা হয়েছে ৩২৫ জন অপরাধীকে। জব্দ করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর এ ধরণের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।