শুক্রবার ২৬শে জুন, ২০২৬

মেসিই ইতিহাসের সেরা: ডি ইয়ং

ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের খেলায় সবসময়ই এক ধরনের স্বাচ্ছন্দ্য ও আভিজাত্য ফুটে ওঠে। বার্সেলোনার এই ডাচ মিডফিল্ডার নেদারল্যান্ডস জাতীয় দলেরও গুরুত্বপূর্ণ ভরসা। তার দারুণ পারফরম্যান্সে তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে ডাচরা। এবার তাদের সামনে অপেক্ষা করছে মরক্কোর চ্যালেঞ্জ।

কানসাস সিটি স্টেডিয়ামে তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ শেষে স্পোর্টস মাধ্যম ‘ওলে’-কে দেওয়া সাক্ষাৎকারে ২৯ বছর বয়সী ডি ইয়ংয়ের কাছে জানতে চাওয়া হয়, সাবেক বার্সা সতীর্থ লিওনেল মেসির ৩৯ বছর বয়সেও এমন ফর্ম তাকে অবাক করে কি না। জবাবে তিনি বলেন,

‘না, এটা আমাকে মোটেও অবাক করে না। কারণ মেসি তো মেসিই। লিও ইতিহাসের সেরা খেলোয়াড়, তাই এখানে অবাক হওয়ার কিছু নেই।’

বার্সেলোনায় দীর্ঘ সাত মৌসুম ধরে খেলছেন ডি ইয়ং। ক্যারিয়ারের শুরুতেই তিনি পেয়েছিলেন মেসির সঙ্গে খেলার সুযোগ, যা তার ফুটবল বোঝাপড়ায় বিশেষ প্রভাব ফেলেছিল। দুজন মিলে দুই মৌসুম খেলেছেন এবং সেই সময়ে তাদের মধ্যে গড়ে উঠেছিল দারুণ সমন্বয়।

পরিসংখ্যানও সেই সম্পর্কের সাক্ষ্য দেয়—৮০ ম্যাচে একসঙ্গে মাঠে নেমে তারা সাতটি গোলের সরাসরি অবদান রেখেছেন। ডি ইয়ংয়ের পাস থেকে মেসি পাঁচবার গোল করেছেন, আর মেসির অ্যাসিস্টে ডি ইয়ং করেছেন দুটি গোল। ২০২০-২১ মৌসুমে বার্সেলোনার কোপা দেল রে জয়ে এই জুটির ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ছিল তীব্র উত্তেজনাপূর্ণ, যেখানে মাঠের লড়াইয়ে ডি ইয়ংও অংশ নেন। তবে প্রতিদ্বন্দ্বিতার বাইরে মেসির প্রতি তার শ্রদ্ধা এখনো অটুট রয়েছে।

এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনার অবস্থান এমনভাবে নির্ধারিত হয়েছে যে ফাইনাল ছাড়া দুই দলের মুখোমুখি হওয়ার সুযোগ নেই। তাই ডি ইয়ং আপাতত পুরো মনোযোগ দিচ্ছেন নিজেদের ম্যাচে।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ জায়গা করে নেওয়ায় সন্তুষ্ট নেদারল্যান্ডস এখন মরক্কোর বিপক্ষে ম্যাচ নিয়েই ভাবছে। ডি ইয়ং বলেন, তারা ধাপে ধাপে এগোতে চান এবং এখনই বড় স্বপ্নে না গিয়ে পরবর্তী ম্যাচেই পুরো মনোযোগ দিতে চান।

মরক্কোকে কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছেন এই ডাচ মিডফিল্ডার। তার মতে, গত বিশ্বকাপে সেমিফাইনাল খেলা দলটি এবারও বেশ শক্তিশালী এবং তাদের বিপক্ষে ম্যাচ সহজ হবে না।

অন্যদিকে আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়েও মন্তব্য করেন ডি ইয়ং। তিনি বলেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা আবারও দুর্দান্ত ছন্দে আছে এবং দল হিসেবে তারা খুবই সংগঠিত ও শক্তিশালী।

Translate