এ বছরের শুরুতে ভারতের কেরালা রাজ্য সরকারের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান দিয়েছিলেন সুখবর, ‘লিওনেল মেসিসহ পুরো আর্জেন্টিনা টিম আসছে ভারতে।’ মেসিদের জন্য একটি প্রীতি ম্যাচের আয়োজনও করতে চাইছে কেরালা সরকার। এরমাঝেই ভারতবাসীরা পেয়েছেন আরেকটি সুখবর। ডিসেম্বরে মেসি যাচ্ছেন ভারতের তিন শহরে।
তার বরাতে এই সময় জানিয়েছে, কলকাতা, দিল্লি ও মুম্বাইতে নামবেন মেসি। সেখানে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন। যোগ দেবেন কনসার্ট ও ফুটবল টুর্নামেন্টে। তবে মেসি এবার ফুটবল মাঠে নয়, নামবেন তিন শহরের তিন ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি মাঠে সময় কাটাবেন ১ ঘণ্টা ১৫ মিনিট করে।
মেসির সম্মানে শতদ্রু দুইটি অনুষ্ঠান রেখেছেন— দ্য গোট কনসার্ট এবং দ্য গোট কাপ। ইডেনে ৭০ হাজার দর্শক মেসি-দর্শনের আগে এই কনসার্টের সাক্ষী হবেন। দ্য গোট কাপ হবে সেভেন আ সাইড একটা ম্যাচ। যাতে অংশ নেবেন বলিউড, বিনোদন জগৎ, ক্রিকেট ও ফুটবল মহলের তারকারা। দুটি টিমে ভাগ করে খেলবেন। দুই অর্ধে ১৫ মিনিট করে। এদের নিয়ে থাকবে একটা টাইব্রেকার সেশনও।
দুই দলের হয়েই একটি করে কিক নেবেন মেসি। পরে তিনি দ্য গোট কাপ তুলে দেবেন জয়ী টিমে হাতে। প্রত্যেকটা স্টেডিয়ামেই মেসি থাকবেন ১ ঘণ্টা ১৫ মিনিট করে। এরপর ‘মিট অ্যান্ড গ্রিট’ নামের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী, শিল্পপতিদের হাত থেকে সংবর্ধনা নেওয়া ছাড়াও একটা করে ফুটবল ক্লিনিক করতে পারেন খুদে ফুটবলারদের সঙ্গে। সারা মাঠ ঘুরে বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন অভিবাদনও গ্রহণ করবেন। সব ঠিক থাকলে মেসি এ বছরের ডিসেম্বরে আরেকবার ভারতে পা রাখবেন। বেশ কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে গিয়ে মেসির থেকে পাকা কথা নিয়ে এসেছেন শতদ্রু।
এরআগে অবশ্য আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮ দিনের জন্য ভারতে আসবে আর্জেন্টিনা। এ বছরের ২৫ অক্টোবর কোচিতে পা রাখবেন তারা। থাকবেন ২ নভেম্বর পর্যন্ত। দুটি ম্যাচ খেলার কথাও আছে। তবে এখনও প্রতিপক্ষ বা সফর নিশ্চিত করা হয়নি।
কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান অবশ্য চলতি বছরের জানুয়ারিতে বলেছিলেন, ‘২৫ অক্টোবর থেকে ২ নভেম্বর, এই এক সপ্তাহের জন্য কেরালাতে থাকবেন মেসি। প্রীতি ম্যাচে অংশ নেওয়া ছাড়াও জনগণের জন্য একটি মঞ্চে ২০ মিনিট থাকবেন লিও।’