শাহজালালে সন্দেহজনক ঘোরাফেরা, তল্লাশিতে বেরিয়ে এলো স্বর্ণ-ল্যাপটপ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩৯৭ দশমিক ৭ গ্রাম স্বর্ণালংকার, আটটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটক ব্যক্তিরা হলেন—রাবিয়া বেগম (৪৮), আকাশ আহমেদ (৩৫) ও মো. জলিল (৪৬)।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলায় তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন।

পরে তাদের দেহ তল্লাশি করে হেফাজত থেকে ৩৯৭ দশমিক ৭ গ্রাম স্বর্ণালংকার, আটটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণালংকারের প্রতিটির মান ২২ ক্যারেট।

এয়ারপোর্ট এপিবিএনের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার রাকিবুল হাসান এ তথ্য জানান।

এপিবিএন জানায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, উদ্ধার করা স্বর্ণালংকার, মোবাইল ফোন ও ল্যাপটপ বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে বাংলাদেশে আনা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত বলেও দাবি করেছে এপিবিএন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

এয়ারপোর্ট (১৩) এপিবিএনের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, বিমানবন্দরে চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে এপিবিএনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Translate