বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬

বাংলাদেশের ‘হিন্দুদের অবস্থা’ দেখিয়ে পশ্চিমবঙ্গে যেভাবে প্রচারণা চালিয়েছে আরএসএস

পশ্চিমবঙ্গের নির্বাচনে বাংলাদেশ প্রসঙ্গ সবসময়ই উঠে আসে। তবে এবারের ভোটের অনেক আগে থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস বাংলাদেশের ‘হিন্দুদের অবস্থা’ দেখিয়ে প্রচার চালিয়েছে যে, পশ্চিমবঙ্গের হিন্দুরাও ‘অস্তিত্বের সংকটে’ পড়তে পারেন।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিরাট সাফল্যের পিছনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের অবদান নিয়ে আলোচনা চলছে।

সংঘ দীর্ঘদিন ধরে বলে থাকে যে, তারা নির্বাচনী রাজনীতি থেকে দূরে থাকে। কিন্তু পশ্চিমবঙ্গের ভোটের ফলাফলের পরে, আরএসএস পর্দার আড়ালে থেকেও কোনো নির্ণায়ক ভূমিকা পালন করেছে কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিজেপির মতাদর্শগত ভিত্তি হিসাবে পরিচিত আরএসএস এই নির্বাচনে আগের থেকেও বেশি সক্রিয়তা দেখিয়েছে বলে রাজ্যের রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রকাশ্যে মাঠে নামা থেকে বিরত থেকেছিল সংঘ। তবে এবারের নির্বাচনে আরএসএস ও তার সহযোগী সংগঠনগুলো তৃণমূল স্তরে সমস্ত শক্তি নিয়েই নেমেছিল।

আরএসএসের এক প্রচারক জানিয়েছেন, এবারের নির্বাচনে শত শত স্বয়ংসেবক ও কর্মী একটাই বার্তা ছড়িয়ে দিয়েছেন যে, এই নির্বাচনের সঙ্গে পশ্চিমবঙ্গের হিন্দু সমাজের ‘অস্তিত্বের’ প্রশ্ন রয়েছে।

সমালোচকরা মনে করেন যে, নির্বাচনের সঙ্গে ‘অস্তিত্বের’ লড়াইয়ের কথা বলে ধর্মীয় মেরূকরণকে তীব্রতর করা হয়েছে।

Translate