শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬

ফারুকীর অবস্থা জানালেন তিশা

কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে আসা হয়।

এদিকে সেদিনই অর্থাৎ ১৬ আগস্ট ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, তিনি শঙ্কামুক্ত।

পোস্টে তিশা এটাও জানান যে অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছিলেন ফারুকী। তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

১৭ আগস্ট দুপুরে, তিশা ফারুকীর সর্বশেষ অবস্থা জানিয়ে সামাজিক মাধ্যমে আরেকটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আজ বেলা তিনটার সময় হাসপাতালে বোর্ড মিটিং বসবে। বোর্ড মিটিংয়ের পরে জানানো সম্ভব হবে যে চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কী হবে। আপনাদের প্রতি অনুরোধ, নির্ভরযোগ্য সূত্র ব্যতীত আপনারা অন্য কোনও তথ্য দেখে বিভ্রান্ত হবেন না।’

বলা প্রয়োজন, গত শুক্রবার বিকালে চারদিনের সফরে কক্সবাজারে যান ফারুকী। শনিবার বিকাল পর্যন্ত সেখানে বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন তিনি। রাতে তার অসুস্থতার খবর আসে।

সেই খবর জানিয়ে শনিবার রাতে তিশা ফেসবুকে লেখেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত কাজের প্রেসারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত তিনি শঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, ১৬ আগস্ট ফারুকীকে নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।

Translate