শনিবার ২৭শে জুন, ২০২৬

হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশে দিল জনতা

চট্টগ্রামের হাটহাজারীতে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও পাঁচটি দেশীয় অস্ত্রসহ চার যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে চিকনদন্ডী ইউনিয়নের নতুনপাড়া এলাকার আলম কোম্পানির বাড়ি থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুর রহমান।

আটকরা হলেন, নতুনপাড়া এলাকার আরিফুল হক বাদশা (১৯), আমান বাজার এলাকার মো. ফয়সাল ইসলাম জিহাদ (১৭), নতুনপাড়া এলাকার মো. ওয়দুল জামান রাকিব (১৬) ও মো. হাসান মুরাদ (১৮)।

পুলিশ জানান, দীর্ঘদিন ধরে হাটহাজারী ও আশপাশের এলাকায় গার্মেন্টস কর্মী এবং পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে তাদের শনাক্ত করা হয়। পরে তারা পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া দিয়ে নতুনপাড়া এলাকার আলম কোম্পানির বাড়ির ভেতর থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র (রিভলভার) ও পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, ঘটনার পর উত্তেজিত জনতা আটক ব্যক্তিদের মারধর করলে খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। একইসঙ্গে উদ্ধার অস্ত্রগুলো জব্দ করা হয়।

হাটহাজারী মডেল থানার ওসি মুহাম্মদ জাহিদুর রহমান বলেন, আটক চারজনের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের আদালতে পাঠানো হবে।

Translate