চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় মাদক পরিবহনের ব্যবহৃত ৫টি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে পটিয়া সরকারি কলেজ জামে মসজিদের বিপরীতে সুলতান হোটেল সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. বশির (৩৮), বেলাল উদ্দিন (৩২), নুরুল মোস্তফা (২৭), মোঃ সাইফুল (২৪), মোঃ হাসান (৩৯) এবং মোঃ হোসেন (৩৭)। তাদের সবার বাড়ি কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি বাইকার গ্যাং বিপুল পরিমাণ মাদক নিয়ে কক্সবাজার থেকে মোটরসাইকেল যোগে চট্টগ্রামের দিকে আসছে; এমন তথ্যের ভিত্তিতে পটিয়া সরকারি কলেজ জামে মসজিদের বিপরীতে সুলতান হোটেলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। এসময় ৫টি মোটরসাইকেলসহ ৬ জন আরোহীকে গ্রেপ্তার করা হয়। তাদের মোটরসাইকেল তল্লাশি করে সেগুলোর সিটের নিচ থেকে ও কাঁধ ব্যাগ থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।