কক্সবাজারে ‌‘ট্যুরিস্ট জিপ সিন্ডিকেটের বিরুদ্ধে’ অভিযান, জরিমানা-গাড়ি জব্দ

কক্সবাজারে টানা চার দিনের ছুটিতে আসা পর্যটকদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ট্যুরিস্ট জিপ (চাঁদের গাড়ি) সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে এই অভিযানে দুটি গাড়িকে ১৮ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি বৈধ কাগজপত্র না থাকায় জিপ দুটিকে জব্দ করা হয়।

জেলা প্রশাসন জানান, টানা চারদিন ছুটিকে কেন্দ্র করে কক্সবাজারে পর্যটকদের উপচে পড়া ভিড় জমেছে। সমুদ্র সৈকতের পাশাপাশি আগত পর্যটকরা মূলত মেরিন ড্রাইভ হয়ে খোলা জিপে (চাঁদের গাড়ি) ইনানী, পাটুয়ারটেক ও টেকনাফ ভ্রমণ করেন। সাধারণত এসব গন্তব্যে একটি জিপের ভাড়া সাড়ে চার হাজার থেকে ছয় হাজার টাকার মধ্যে নির্ধারিত থাকে।

তবে ছুটির সুযোগ নিয়ে চালক ও মালিকেরা সিন্ডিকেট গড়ে তুলে পর্যটকদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি অর্থ আদায় করা শুরু করে।

বৃহস্পতিবার সকাল থেকেই জেলা প্রশাসক কার্যালয়ে ভুক্তভোগী পর্যটকদের কাছ থেকে এ সংক্রান্ত একাধিক অভিযোগ আসতে থাকে।

অভিযোগের সত্যতা পেয়ে কক্সবাজার জেলা প্রশাসকের নির্দেশনায় তাৎক্ষণিক অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে দুটি জিপের চালক ও মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া যানবাহনের ফিটনেস এবং চালকদের লাইসেন্স যাচাইকালে সঠিক ও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় দুটি জিপ জব্দ করে হেফাজতে নেয় প্রশাসন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি জানান, “পর্যটকদের যেন কোনোভাবেই জিম্মি বা হয়রানি করা না যায়, সে বিষয়ে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কক্সবাজারে পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Translate