ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা, যার ফলে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে গেছে। পল্লবী থানার সেকশন-৭ এলাকার বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণার পর অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে গেলেও একদল শ্রমিক পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন পল্লবী থানার ওসি মো. জালাল উদ্দিন।