সোমবার ৪ঠা মে, ২০২৬

নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

নওগাঁর ধামুইরহাটে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মতিবুল ইসলাম (৩০) নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) বিকালে এ ঘটনা ঘটে।

গ্রেফতার মতিবুল উপজেলার মইশড় এলাকার মোকলেছুর রহমানের ছেলে।

ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগী শিশুটির মা বলেন, ‘আমার মেয়ে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় মতিবুল খাবার দেওয়ার কথা বলে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। আমার মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। পরে তাকে ভ্যানে করে ধামুইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার পরামর্শ দিলে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করাই। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

 

বিষয়টি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নজরে আসলে তিনি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পালকে হাসপাতালে পাঠান। তিনি ওই শিক্ষার্থীকে দেখে আসেন এবং চিকিৎসককে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ করেন।

 

নওগাঁর পুলিশ সুপার বলেন, ‘ধর্ষণের অভিযোগে ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Translate