গাজা অভিমুখী একটি মানবিক ত্রাণবহর সুমুদ ফ্লোটিলা থেকে জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলে নিয়ে যাওয়া দুজন বিদেশি অ্যাক্টিভিস্টকে রবিবার আদালতে হাজির করা হবে। ইসরায়েলের একটি মানবাধিকার সংগঠনের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ ও বিধ্বস্ত গাজা উপত্যকায় ত্রাণ পৌঁছে দিতে এবং ইসরায়েলি অবরোধ ভাঙার উদ্দেশ্যে ফ্রান্স, স্পেন ও ইতালি থেকে ৫০টিরও বেশি নৌযানের একটি ত্রাণবহর যাত্রা শুরু করেছিল।
তবে বৃহস্পতিবার গ্রিস উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী ত্রাণবহরটির পথরোধ করে। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সেখান থেকে প্রায় ১৭৫ জন অ্যাক্টিভিস্টকে সরিয়ে নিয়েছে। তবে তাদের মধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে।
আদালতে হাজির করতে যাওয়া এই দুই অ্যাক্টিভিস্ট হলেন, স্পেনের নাগরিক সাইফ আবু কেশেক এবং ব্রাজিলের নাগরিক থিয়াগো আভিলো। রবিবার ইসরায়েলের আশকেলনের একটি আদালতে তাদের হাজির করার কথা রয়েছে।
মানবাধিকার সংস্থা আদালাহ’র আন্তর্জাতিক অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর মিরিয়াম আজেম ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, এখন পর্যন্ত তাদের আদালতে হাজির করা হয়নি।
সূত্র: আল জাজিরা