প্রতিবেদনে বলা হয়েছে, রণবীর ‘ধুম ৪’-এর জন্য নিখুঁত পছন্দ আদিত্য চোপড়ার। তাই এবারের চরিত্রটিও তার ব্যক্তিত্ব এবং তারকাখ্যাতির কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। নতুন ধুম ফিল্মটি গ্লোবাল অ্যাকশন স্কেলের কথা মাথায় রেখে ডিজাইন করা হচ্ছে এবং দৃশ্যের নতুনত্বের পাশাপাশি গল্পটি যশরাজ স্পাই ইউনিভার্সের থেকে অনেকটাই আলাদা হবে।
‘ওয়ার ২’ মুক্তির পর ‘ধুম ৪’-এর প্রি-প্রোডাকশনের কাজ শুরু হবে। পরিচালনার দায়িত্বে থাকবেন অয়ন মুখার্জি। রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালনা করেছেন তিনি। ২০২৬ সালের এপ্রিলে শুটিং শুরু হবে বলে জানা গেছে। ২০২৭ সালে মুক্তির জন্য সময় নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও, গতকাল সোমবার (২ জুন) চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেল ফেসবুকে রণবীর কাপুরের নতুন লুকসহ একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তিনি উল্লেখ করেছেন যে ধুম আসছে। ২০২৬ সালে শুটিং শুরু হয়ে ২০২৭ সালে এটি মুক্তি পাবে বলেও জানান সুমিত।
যশরাজ ফিল্মসের অন্যতম ফ্র্যাঞ্চাইজি ‘ধুম’-এর যাত্রা শুরু হয় ২০০৪ সালে। এরপর ২০০৬ সালে ‘ধুম ২’ ও ২০১৩ সালে ‘ধুম ৩’ মুক্তি পায়। প্রতিটি সিনেমাই ব্যাপক ব্যবসা সফল। ধুমে নায়কই মূলত খলনায়ক হিসেবে হাজির হন। আগের কিস্তিগুলোতে খলনায়করাই ছিলেন আলোচনার কেন্দ্রে। জন আব্রাহাম, হৃতিক রোশান ও আমির খানদের পর এবার রণবীর হচ্ছেন ‘ধুম’ সিরিজের নতুন খলনায়ক। তাই রণবীর ভক্তরা মুখিয়ে রয়েছেন রণবীরের ধুম দেখতে।