রবিবার ১৯শে জুলাই, ২০২৬

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন: শফিকুর

দেশে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন বলে মনে করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।

জামায়াতে ইসলামীর আমির বলেছেন, “তৃণমূল পর্যায়ে গণতন্ত্র শক্তিশালী করতে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন। জনপ্রতিনিধিদের মাধ্যমেই জনগণের কাজ হওয়া উচিত, যাতে জবাবদিহি নিশ্চিত হয়।”

রোববার সকালে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় তিনি দেশবাসী, প্রবাসী বাংলাদেশি এবং বিশ্বের মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানান।

রাজনৈতিক পরিবর্তনের পর দেশ ঘুরে দাঁড়িয়েছে, তবে এখনও সংকট কাটেনি বলে মনে করেন বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, “ফ্যাসিবাদের একটি বড় অংশ বিদায় নিয়েছে। কিন্তু তার কালো ছায়া এখনও রয়ে গেছে। দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক এবং বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে; যা দুঃখজনক। রাজনীতিবিদদের কথার সঙ্গে কাজের মিল না থাকায় মানুষের মধ্যে রাজনীতির প্রতি আস্থা কমে গেছে। একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ জরুরি।”

গণভোট ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “জনগণ পরিবর্তনের পক্ষে মত দিলেও তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় মানুষের মধ্যে আবারও অনাস্থা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।”

পৃথিবীর অনেক দেশে সংবিধান পরিবর্তন হয় জানিয়ে শফিকুর রহমান বলেন, “সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি। আমাদের প্রত্যাশা, সরকার এই দাবি দ্রুত পুরণ করবে। গত নির্বাচনে ৬৫ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, তারা সংস্কার চান। কিন্তু মানুষের সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হচ্ছে না। গণভোটের এক অংশ বাস্তবায়ন হলেও, আরেক অংশ এখন পর্যন্ত উপেক্ষিত রয়ে গেছে।”

এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “এই রাষ্ট্রপতি কার্যত ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তিনি সংসদে ভাষণ দেবেন তা আমরা চাইনি। রাষ্ট্রপতির প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের আপত্তি নেই, ব্যক্তি সম্পর্কে আপত্তি আছে।”

এ বিষয় থেকে মুক্তি দিতে সরকারি দলের কাছে অনুরোধ জানান শফিকুর রহমান।

এ সময় তিনি বলেন, “সিলেটকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা যাবে না। সিলেট দীর্ঘদিন ধরে উন্নয়ন-বঞ্চনার শিকার। সড়কসহ নানা খাতে উন্নয়নের অভাব স্পষ্ট। শুধু সড়ক নয়, সব খাতেই সিলেটের যেটুকু প্রাপ্য, সেটুকু নিশ্চিত করতে হবে। আমরা অতিরিক্ত কিছু চাই না, ন্যায্য অধিকারটাই চাই।”

সভায় জামায়াতে ইসলামীর মিডিয়া সেলের দায়িত্বে থাকা জয়েন্ট সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা আমির মাওলানা হাবীবুর রহমান, মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Translate