মঙ্গলবার ২৮শে এপ্রিল, ২০২৬

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত

দক্ষিণ সুদানের রাজধানী জুবার দক্ষিণ-পশ্চিমে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে।  এতে পাইলটসহ ১৪ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৭ এপ্রিল) সিটিলিংক এভিয়েশন পরিচালিত সেসনা ২০৮ ক্যারাভান বিমানটি ইয়েই থেকে জুবা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। যাত্রাপথে বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ হারায়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে খারাপ আবহাওয়া এবং কম দৃশ্যমানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

কর্তৃপক্ষ আরও জানায়, দুর্ঘটনাস্থলে তথ্য সংগ্রহ ও জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য একটি দল পাঠানো হয়েছে।

দক্ষিণ সুদান রেড ক্রসের জুবা শাখার প্রধান জোসেফ লুকাক চার্লস বলেন, দুর্ঘটনাস্থলে পৌঁছাতে উদ্ধারকারী দলকে দীর্ঘ সময় ধরে পাহাড়ি পথ পাড়ি দিতে হয়েছে এবং বিকেল পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছিল।

তিনি আরও জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

উল্লেখ্য, বিমানটি স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে যাত্রা শুরু করে এবং ৯টা ৪৩ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে একজন পাইলটসহ মোট ১৪ জন ছিলেন। নিহতদের মধ্যে ১২ জন দক্ষিণ সুদানের নাগরিক এবং দুইজন কেনিয়ার নাগরিক ছিলেন।

Translate