সোমবার ২২শে জুন, ২০২৬

মাটির নিচে বাঙ্কার থেকে ৩ টন কোকেইন জব্দ

অস্ট্রেলিয়ার সিডনির উপকণ্ঠের একটি এলাকা থেকে মাটির নিচে বিশেষভাবে তৈরি বাঙ্কারে লুকানো প্রায় ২ দশমিক ৭ মেট্রিক টন (৩ টন) কোকেইন জব্দ করেছে পুলিশ। দেশটির ইতিহাসে এটিই এখন পর্যন্ত একক কোনও অভিযানে সবচেয়ে বড় মাদক জব্দের ঘটনা। সোমবার (২২ জুন) দেশটির কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

কুইন্সল্যান্ড জয়েন্ট অর্গানাইজড ক্রাইম টাস্কফোর্স এক বিবৃতিতে জানিয়েছে, গত ১৯ জুন সিডনির পশ্চিম প্রান্তের আধা-গ্রামীণ এলাকা লন্ডনডেরি থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। সেখানে থাকা তিনটি জাহাজের কনটেইনারের নিচে মাটির ভেতরের গোপন বাঙ্কারে প্লাস্টিকের টবে কোকেইনগুলো লুকিয়ে রাখা হয়েছিল।

তদন্তকারীরা জানান, কনটেইনারগুলোর মেঝে এমনভাবে কৃত্রিম উপায়ে তৈরি করা হয়েছিল, যার নিচ দিয়ে মাটির নিচের ওই কোকেইন বাঙ্কারে প্রবেশ করা যেত। পুলিশের হিসাব অনুযায়ী, জব্দ করা এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮১ কোটি ৬০ লাখ অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার)। এই ঘটনায় সিডনির বাসিন্দা ২১ ও ২৫ বছর বয়সী দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধ মাদক রাখার অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হতে হবে।

এর আগে অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় কোকেইন উদ্ধারের রেকর্ডটি ছিল ২ দশমিক ৩৪ মেট্রিক টনের (২.৫৮ টন)। ২০২৪ সালে কুইন্সল্যান্ড রাজ্যের উপকূলবর্তী কে’গারি এলাকার কাছাকাছি একটি মাছ ধরার নৌকা থেকে ওই মাদক জব্দ করা হয়েছিল।

সূত্র: এপি

Translate