তিব্বতে মঙ্গলবার (৭ জানুয়ারি) ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৬০ জনের বেশি আহত হয়েছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জিনহুয়া জানিয়েছে, তিব্বতের বিভিন্ন অঞ্চলে এই ভূমিকম্পে মোট ৫৩ জন প্রাণ হারিয়েছেন এবং ৬২ জন আহত হয়েছেন।
চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টারের তথ্যমতে, স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল তিংগ্রি এলাকায়, যা এভারেস্টের উত্তরাঞ্চলীয় প্রবেশদ্বার হিসেবে পরিচিত। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএস জিওলজিক্যাল সার্ভিস (USGS) এই ভূমিকম্পের মাত্রা ৭.১ হিসেবে পরিমাপ করেছে।