বুধবার ৩রা জুন, ২০২৬

ট্রেসি অ্যান জ্যাকবসন শনিবার থেকে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

ট্রেসি অ্যান জ্যাকবসন শনিবার (১১ জানুয়ারি) থেকে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) অ্যাড ইন্টারিম হিসেবে তার দায়িত্ব গ্রহণ করবেন।

সিনিয়র ফরেন সার্ভিসের অভিজ্ঞ কূটনীতিক জ্যাকবসন তার কূটনৈতিক জীবনে তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং কসোভোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি তিনি প্রাচ্য-বিষয়ক ব্যুরোতে ঊর্ধ্বতন উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। এর আগেও তিনি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যুক্তরাষ্ট্র দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স (অ্যাড ইন্টারিম) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জ্যাকবসন ফরেন সার্ভিসে তার দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে ডেপুটি এক্সিকিউটিভ সেক্রেটারি এবং সিনিয়র ডিরেক্টর ফর অ্যাডমিনিস্ট্রেশন হিসেবেও কাজ করেছেন। এছাড়া, তিনি লাটভিয়ার রিগায় যুক্তরাষ্ট্র দূতাবাসে ডেপুটি অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অ্যাম্বাসেডর জ্যাকবসন জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং একই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে এমএ ডিগ্রি অর্জন করেছেন। কূটনৈতিক ক্যারিয়ারে তিনি একাধিক সম্মাননা লাভ করেছেন, যার মধ্যে রয়েছে সেক্রেটারির ডিস্টিংগুইশড সার্ভিস অ্যাওয়ার্ড, দুইটি প্রেসিডেনশিয়াল র‌্যাঙ্ক অ্যাওয়ার্ড এবং ‘দ্য অর্ডার ফর পিস, ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যানিজম’ (ইব্রাহিম রুগোভা) সম্মাননা।

Translate