চট্টগ্রাম আদালতের বারান্দা থেকে গায়েব হওয়া ১৯১১টি মামলার নথির (কেস ডকেট বা সিডি) খোঁজ মিলেছে ভাঙারির দোকানে। এ ঘটনায় পুলিশ রাসেল নামে এক চা-দোকানিকে আটক করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর কোতোয়ালি থানাধীন পাথরঘাটা এলাকার একটি ভাঙারির দোকানে অভিযান পরিচালনা করে ৯ বস্তা নথি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম।
ওসি আরও বলেন, ‘আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে এ পর্যন্ত ৯ বস্তা নথি উদ্ধার করা হয়েছে। এখানে কতটি নথি আছে তা এখনও হিসেব করে দেখিনি। তবে জানতে পেরেছি আরও নথি বাইরে আছে। সেগুলো উদ্ধারে আমরা চেষ্টা করছি।’
১৯১১টি মামলার নথির খোঁজ না পাওয়ায় রবিবার (৫ জানুয়ারি) নগরীর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফিজুল হক ভূঁইয়া।