টেকনাফে ৩ কোটি ২৮ লাখ টাকার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৬ হাজার পিস ইয়াবাসহ এক প্রাইভেটকার চালককে আটক করেছে বিজিবি। আটক মো. সাইফুল ইসলাম খোকনকে (৩৬) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকার বাসিন্দা।

সোমবার (২৭ জুলাই) রাত ১০টায় হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

মঙ্গলবার (২৮ জুলাই) উখিয়া-৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার রাত ১০টায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় গাড়ির সামনের বাম্পারের ভেতর থেকে ১ লাখ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকা।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

Translate