শনিবার ১৮ই জুলাই, ২০২৬

জেলেনস্কি একনায়ক।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কিকে ‘একনায়ক’ বলে মন্তব্য করেছেন। এর ফলে জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যকার মতবিরোধ আরও তীব্র হলো, যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সমাধানের প্রচেষ্টাকে প্রভাবিত করতে পারে।

যুক্তরাষ্ট্র এতদিন ইউক্রেনকে তহবিল ও অস্ত্র সহায়তা দিয়ে আসছিল। কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর হঠাৎ নীতি পরিবর্তন করে মস্কোর সঙ্গে আলোচনা শুরু করেছেন।

গত বছর ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ শেষ হয়ে যায়। এই প্রসঙ্গে ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘নির্বাচন ছাড়া একজন একনায়ক জেলেনস্কির দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত, না হলে তাঁর দেশ টিকে থাকবে না।’

যদিও ইউক্রেনীয় আইনে যুদ্ধকালীন সময়ে নির্বাচন বাধ্যতামূলক নয়।

এর আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সরাসরি জেলেনস্কির সমালোচনা করেন। রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের বৈঠকের পর ফ্লোরিডার পাম বিচে নিজ মালিকানাধীন মার-এ-লাগো রিসোর্টে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, চলতি মাসেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

ট্রাম্প আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, এই যুদ্ধ শেষ করার ক্ষমতা আমার আছে। আলোচনা ভালোভাবে এগোচ্ছে। কিন্তু আজ ইউক্রেনের নেতাদের বলতে শুনলাম, “আহা, আমাদের আমন্ত্রণ জানানো হয়নি।” ভালো কথা, তবে আপনারা তো তিন বছর ধরে আছেন। এটি শেষ করা আপনাদের দায়িত্ব ছিল।’

Translate