জিইসি মোড়ে চসিকের অভিযান, ফুটপাতের ৫ দোকান উচ্ছেদ

জিইসি মোড় এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, রাস্তায় ময়লা ফেলা ও মালামাল রাখার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ বৃহস্পতিবার বিকেলে জিইসি মোড়ের ফুট ওভারব্রিজের গোড়া থেকে বাটা গলি পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানকালে ফুটপাত দখল করে স্থাপিত ৫টি অবৈধ দোকান জব্দ করা হয়। পরে জব্দ করা মালামাল সিটি করপোরেশনের স্ট্রাইকিং ফোর্সের দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজারের জিম্মায় দিয়ে সাগরিকা স্টোরে পাঠানো হয়।

 

এছাড়া রাস্তায় ময়লা ফেলা এবং ফুটপাত দখল করে রাখার অপরাধে দুটি খাবারের দোকানকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে রাস্তায় কোনো ধরনের মালামাল না রাখার মর্মে দোকান মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

 

নগরীর ফুটপাত দখলমুক্ত রাখা, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Translate