চট্টগ্রামে মাদকসেবনের দায়ে সাবেক পুলিশ সদস্যসহ ২ জনের কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদকসেবনের দায়ে সাবেক পুলিশ সদস্যসহ দুই জনকে ৩ মাস করে কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে তাদের দুইজনকে ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদ বিন আখন্দ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডিতরা হলেন— লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সেনেরহাট হিন্দুপাড়া এলাকার দোলন সিকদারের ছেলে ও সাবেক বরখাস্ত পুলিশ কনস্টেবল নিউটন সিকদার (৩৭) এবং একই এলাকার সবুজ ধরের ছেলে রাজেশ ধর (২৭)।

থানা সূত্রে জানা যায়, দণ্ডিত ২ জনকে স্থানীয়রা তাদের মাদক সেবনরত অবস্থায় সরঞ্জামসহ আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে চুনতি পুলিশ ফাঁড়ির এসআই জিয়াউল হুদা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেন। পরে তাদের লোহাগাড়া থানার হেফাজতে নেওয়া হয়।

রাত সাড়ে ১১টার দিকে আটক দুজনকে লোহাগাড়া থানায় হাজির করা হলে সেখানে ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের অপরাধে নিউটন সিকদার ও রাজেশ ধরকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২’শ টাকা করে জরিমানা করেন।

 

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, দণ্ডিত দুজনকে আজ আদালতের মাধ্যমে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Translate