বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬

জাপানের প্রধানমন্ত্রীকে ‘ছোট বোন’ বলে সম্বোধন মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে ‘আমার ছোট বোন’ বলে সম্বোধন করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) ভারত-জাপানের ১৬তম বার্ষিক শীর্ষ সম্মেলনের পর যৌথ বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

যৌথ সংবাদ বিবৃতিতে মোদি বলেন, ‘মহামান্য এবং আমার ছোট বোন, প্রধানমন্ত্রী তাকাইচি।’ তিনি জাপানের প্রতিনিধিদল, উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমের সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে তাকাইচির প্রথম ভারত সফরে তাকে স্বাগত জানাতে পেরে আনন্দিত।
সফররত জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও মোদির সঙ্গে তার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি তুলে ধরেন। ‘সুন্দর ছোট বোন’ হিসেবে মোদির সম্বোধনের কথা উল্লেখ করে তিনি বলেন, দুই নেতা ভাই-বোনের সম্পর্কের চেতনায় ভারত-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছেন।

১৬তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনের পর যৌথ সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, বিভিন্ন কৌশলগত ইস্যুতে দুই নেতা একই অবস্থানে রয়েছেন এবং কৌশলগত সম্পর্ক আরও জোরদার করাসহ সহযোগিতার তিনটি অগ্রাধিকার খাত নির্ধারণে সম্মত হয়েছেন।

জাপানের হালনাগাদ ‘ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক’ (এফওআইপি) ভিশন ভারতের প্রধানমন্ত্রী মোদির ‘মহাসাগর’ উদ্যোগের সঙ্গে ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে তাকাইচি বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিয়মভিত্তিক ব্যবস্থা জোরদারে দুই দেশ সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা আরও শক্তিশালী করবে।

Translate