চট্টগ্রাম-কক্সবাজারসহ দেশের ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
শুক্রবার (১ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। এ কারণে মোংলা, চট্টগ্রাম, পায়রা ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে হবে।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, পশ্চিমা লঘুচাপ সারা দেশের ওপর সক্রিয় রয়েছে। এ কারণে ঝড়-বৃষ্টির দাপট থাকবে আরও কয়েক দিন। আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. ওমর ফারুক বলেন, পশ্চিমা লঘুচাপ সক্রিয় থাকায় দেশের অধিকাংশ অঞ্চলে ঝড়-বৃষ্টি বেশি হচ্ছে। এর মধ্যে পশ্চিমাঞ্চলে কিছুটা কম হলেও পূর্বাঞ্চলের ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম এবং বরিশালে কালবৈশাখীসহ বজ্রবৃষ্টির পরিমাণ বেশি।