সোমবার ২০শে এপ্রিল, ২০২৬

চট্টগ্রামে চাঁদা দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাটের অভিযোগ, আহত ৭

চট্টগ্রামে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে তা না পেয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় নগরীর চান্দগাঁও থানা এলাকায় এ ঘটনা ঘটলেও রোববার বিষয়টি প্রকাশ্যে আসে।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ইঞ্জিনিয়ার এসএম বদরুদ্দোজা হৃদয় (২৬) শনিবার রাতেই চান্দগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে মো. দিদার (৪৫), মো. ফারুক (৩০), মো. নয়ন (২৮), মো. হাছান (২৫) ও মো. বায়েজিদের (৩০) নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হৃদয়ের ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে। এ সময় তারা ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবি প্রত্যাখ্যান করলে হৃদয়কে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে তিনি হাত দিয়ে ঠেকাতে গিয়ে বাম হাতে গুরুতর আহত হন।  পরে আবারও তার মাথায় আঘাত করা হয়।

তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ছোট ভাই এসএম মাহিদ শাহরিয়ারসহ (২২) প্রতিষ্ঠানের কর্মচারী তাসবিদ (১৭), নুর মোহাম্মদ সাঈদ (২৬), ওয়াসি কামাল (২৬), সোহান (২২) ও জাহেদ (২২) আহত হন।

ভুক্তভোগী হৃদয় জানান, হামলাকারীরা আমার প্রতিষ্ঠানের দুটি কম্পিউটার, একটি ল্যাপটপ ও একটি আইপ্যাড ভাঙচুর করে এবং আসবাবপত্র নষ্ট করেছে। এতে প্রায় তিন লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া তারা ক্যাশবাক্স থেকে নয় লাখ ৪৭ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।

এ বিষয়ে চান্দগাঁও থানার ওসি মো. নুর হোসেন মামুন বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Translate