শুক্রবার ২২শে মে, ২০২৬

চট্টগ্রামে এবার ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি জনতার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় এবার ৭ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত এক যুবককে আটক করে গণপিটুনি দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশও উত্তেজিত জনতার হাতে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে। দীর্ঘ সময় পর পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে ডবলমুরিং থানার হাজিপাড়া সুন্নিয়া মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, শিশুটি বাইরে বের হলে অভিযুক্ত যুবক তাকে একটি নির্জন স্থানে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং যুবককে আটক করে। খবর পেয়ে দুপুরে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। কিন্তু বাকলিয়া এলাকার ঘটনার মতো এখানেও উত্তেজিত জনতা আমাদের ঘিরে ফেলে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আমরা অবরুদ্ধ অবস্থা থেকে বের হতে সক্ষম হই।

Translate