চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মারধরে আহত হয়েছেন মোজাহিদুল ইসলাম (৪১) নামে এক স্কুলশিক্ষক।
বুধবার (২২ এপ্রিল) ফিরোজ শাহ সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান।
গ্রেপ্তার রাজু আকবরশাহর ফিরোজ শাহ এলাকার মৃত নজির আহমদের ছেলে ।
আহত শিক্ষকের থানায় করা সাধারণ ডায়েরির সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ফিরোজশাহ সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয় ভবনের পেছনে রাজু নামে এক মাদকসেবী কয়েকজন স্কুলছাত্রীকে ইভটিজিং করলে তারা বিষয়টি স্কুলের সহকারী শিক্ষক মোজাহিদুল ইসলামকে অবগত করেন। তিনি ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে অভিযুক্ত রাজু শিক্ষককে মারধর করে। এ সময় তিনি মুখে আঘাত পেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। পরে একইদিন এই ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।
প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক সোহানা রহমান বলেন, আমাদের শিক্ষার্থীরা ইভটিজিংয়ের মুখোমুখি হবে এটা আমি কখনো কামনা করি না। এজন্য আমি স্কুল আঙ্গিনায় অপরিচিত কোন লোক চলাফেরা করলে তাকে অফিসে এনে জিজ্ঞাসাবাদ করি। গতকাল যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না।