ইরানের সঙ্গে যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের থাড (টিএইচএএডি) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় ৮০ শতাংশ ইন্টারসেপ্টর ব্যবহার হয়ে গেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
এর আগে রয়টার্স ও সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র তার দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুতের প্রায় সবই ব্যবহার করেছে।
এবার সিএনএন দুইটি সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, যুদ্ধ শুরুর আগের তুলনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী থাড ক্ষেপণাস্ত্রের প্রায় পাঁচ ভাগের চার ভাগ ব্যবহার করেছে। একই সময়ে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় অর্ধেক ইন্টারসেপ্টরও ব্যবহার করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গোলাবারুদের মজুত দ্রুত কমে আসা এবং সম্ভাব্য ইরানি পাল্টা হামলা নিয়ে মধ্যপ্রাচ্যের মিত্রদের উদ্বেগের কারণে ইরানের অবকাঠামো লক্ষ্য করে পরিকল্পিত বড় পরিসরের হামলা থেকে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে অস্ত্রের মজুত সংকট নিয়ে উদ্বেগের বিষয়টি নাকচ করেছে পেন্টাগন ও হোয়াইট হাউজ।
সিএনএনকে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী এবং প্রেসিডেন্ট যে সময় ও স্থানে সিদ্ধান্ত নেবেন, সেখানে অভিযান পরিচালনার জন্য তাদের যা প্রয়োজন, সবই রয়েছে।
হোয়াইট হাউজের মুখপাত্র আনা কেলি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সব কৌশলগত লক্ষ্য পূরণ এবং এর বাইরেও প্রয়োজন মেটানোর জন্য সামরিক বাহিনীর কাছে পর্যাপ্ত গোলাবারুদ ও অস্ত্রের মজুত রয়েছে।
সূত্র: আল জাজিরা