আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস

আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস। ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে সড়ক দুর্ঘটনা কমানো, নিরাপদ যাতায়াত নিশ্চিত করা ও জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে দিবসটি পালিত হচ্ছে। সড়ক নিরাপত্তাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে সরকারি-বেসরকারি সংস্থা, পরিবহন মালিক-শ্রমিক, চালক ও পথচারীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে পেশাদার চালকদের স্বাস্থ্য, চক্ষু ও মাদক পরীক্ষা, সড়কের সাইন-সিগন্যাল সংস্কার, সচেতনতামূলক প্রচার এবং চালকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ১৪০ কিলোমিটার জাতীয় মহাসড়কে নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম এবং প্রায় ৬০০ কিলোমিটার মহাসড়কে বিভিন্ন নিরাপত্তাব্যবস্থা স্থাপনের উদ্যোগ রয়েছে। পাশাপাশি ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৪০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ও ৪০টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স সরবরাহ করা হয়েছে। এ ছাড়া সড়ক নিরাপত্তা আইন, ২০২৬ প্রণয়ন, জাতীয় সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষ গঠন এবং মোটরসাইকেলের হেলমেট ব্যবহার ও যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণে নির্দেশিকা তৈরির উদ্যোগ রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, নিরাপদ সড়ক গড়তে উন্নত অবকাঠামো, কার্যকর আইন প্রয়োগ, চালকদের দক্ষতা, যানবাহনের ফিটনেস ও জনসচেতনতা নিশ্চিত করা জরুরি। সড়ক নিরাপত্তা শুধু এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে সারা বছর সমন্বিত উদ্যোগ চালিয়ে যাওয়ার ওপরও গুরুত্ব দিয়েছেন তাঁরা।

Translate