পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকাকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে আগামী মৌসুমে তিনি পিএসএলে খেলতে পারবেন না।
শাস্তির কারণ হিসেবে বলা হয়েছে, চলতি মৌসুমে তিনি চুক্তি ভঙ্গ করেছেন। নিলামে লাহোর কালান্দার্সের সঙ্গে ৭৫ লাখ পাকিস্তানি রুপিতে চুক্তিবদ্ধ হলেও টুর্নামেন্ট শুরুর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যোগ দেন তিনি। রাজস্থান রয়ালসের স্যাম কারান ইনজুরি হওয়ার কারণে বদলি হিসেবে শানাকা আইপিএলে যোগ দেন।
পিসিবির মতে, চুক্তি থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় দলের পরিকল্পনায় ব্যাঘাত ঘটে এবং লিগের চুক্তিভিত্তিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন শানাকা। এক বিবৃতিতে তিনি বলেন, পিএসএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের জন্য তিনি গভীরভাবে দুঃখিত এবং পাকিস্তানের মানুষ, পিএসএল সমর্থক ও বিশ্ব ক্রিকেটের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন। তিনি আরও জানান, পিএসএল একটি মর্যাদাপূর্ণ আসর এবং তার এই সিদ্ধান্ত অনেককে হতাশ করেছে, বিশেষ করে লাহোর কালান্দার্সের ভক্তদের।
এদিকে, একই ধরনের ঘটনায় জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকেও দুই বছরের জন্য পিএসএল থেকে নিষিদ্ধ করেছে পিসিবি। যদিও তিনি নিলামে দল পাননি, পরে ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তি করেন। কিন্তু পরবর্তীতে মোস্তাফিজুর রহমানের বদলি হিসেবে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন।