বুধবার ২৯শে এপ্রিল, ২০২৬

অস্ট্রেলীয় বিমানবন্দরে হ্যাঙ্গারে বিধ্বস্ত উড়োজাহাজ, নিহত ২

অস্ট্রেলিয়ার সাউথ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের প্যারাফিল্ড বিমানবন্দরে একটি ছোট উড়োজাহাজ হ্যাঙ্গারে বিধ্বস্ত হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকালে ঘটা এই দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ডায়মন্ড ডিএ৪২ মডেলের একটি টুইন-ইঞ্জিন বিমান। বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইট অনুযায়ী, এই মডেলের প্রতিটি বিমানে সর্বোচ্চ চারজন যাত্রী বসতে পারেন। ঘটনাটি তদন্তের জন্য এটিএসবি এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে।

সাউথ অস্ট্রেলিয়ার প্রিমিয়ার পিটার মালিনাউস্কাস সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, এই দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে এটিকে ‘গুরুতর ঘটনা’ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, তারা জরুরি সেবার কাজে পূর্ণ সহায়তা দিচ্ছে। সাউথ অস্ট্রেলিয়া পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, এলাকাটি খালি করা হয়েছে এবং জরুরি পরিষেবা কর্মীরা পরিস্থিতি মোকাবিলা করছেন।

উল্লেখ্য, প্যারাফিল্ড বিমানবন্দরটি হালকা উড়োজাহাজ চলাচলের জন্য পরিচিত এবং এখানে বেশ কয়েকটি ফ্লাইট ট্রেনিং স্কুল রয়েছে। বিমান চলাচলের সংখ্যা বিবেচনায় এটি অস্ট্রেলিয়ার ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম। এর আগে চলতি বছরের জানুয়ারিতে এই বিমানবন্দরেই এক শিক্ষার্থী পাইলটের বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে গিয়েছিল, তবে সেবার তিনি অক্ষত ছিলেন।

Translate